করোনা রোগীদের সেবায় প্রাণ হারানো ডাক্তার-নার্স শহীদ: খামেনি
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে ২৪ ঘণ্টায় হাজির চিকিৎকসকরা। প্রাণঘাতি জেনেও তারা রোগীদের সেবা করে যাচ্ছেন। আর এতে অনেক ডাক্তারের মৃত্যুও হচ্ছে। তাই ইরানে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে মেডিকেল টিমের যেসব সদস্য মারা গেছেন তাদের শহীদ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১০ মার্চ এক চিঠিতে এ কথা জানিয়েছেন তিনি।
ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়কমন্ত্রী সাঈদ নামাকি সর্বোচ্চ নেতার কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানোর পর তাতে সম্মতি দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে ডাক্তার ও নার্সসহ মেডিকেল টিমের যারা প্রাণ হারিয়েছেন তাদের ‘দায়িত্ব পালনকারী শহীদ’ হিসেবে মর্যাদা দেয়া হবে।
ইরানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেবা করতে গিয়ে এখন পর্যন্ত কয়েক জন চিকিৎসক ও নার্স মারা গেছেন। চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমের ফলে ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত দুই হাজার ৭৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
সূত্র: পার্সটুডে