তারিক আনাম খানের কাছে অভিনয় শেখার সুযোগ
মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে সমানভাবে উজ্জ্বল অভিনেতা তারিক আনাম খান। প্রায় চার যুগের অভিনয় জীবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম কিংবদন্তি শিল্পী হিসেবে। পর্দায় তার উপস্থিতি এখনও দর্শকদের জন্য অনুপ্রেরণা ও আগ্রহের বিষয়।
গুণী এই অভিনেতার কাছ থেকেই এবার অভিনয় শেখার সুযোগ মিলবে। আর সুযোগটা করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ৩ জুলাই অনুষ্ঠিত হবে তাদের বিশেষ আয়োজন ‘চরকি কার্নিভাল’। সেখানেই থাকবে তারিক আনাম খানের মাস্টার ক্লাস।
বৃহস্পতিবার এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ মাস্টারক্লাসে অংশ নিতে হলে করতে হবে রেজিস্ট্রেশন। সময় ২২ জুন পর্যন্ত। আসন সংখ্যা ২৫ থেকে ৩০ জন। যারা আগে নিবন্ধন করবেন, তারাই পাবেন সুযোগ। ৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে এ ক্লাস চলবে দুপুর ১টা পর্যন্ত। এতে ক্যামেরা পারফর্মেন্স, চরিত্র রূপায়নসহ নানা কৌশল শেখাবেন তারিক আনাম খান।
প্রসঙ্গত, এ আয়োজনে ২০২৩ ও ২০২৪-এ চরকিতে মুক্তি পাওয়া বিভিন্ন কনটেন্টকে পুরস্কৃত করা হবে। আর বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে।
ইত্তেফাক