সেই দুই মেয়েকে নিয়ে একসঙ্গে ১৫ দিন থাকতে মা-বাবাকে নির্দেশ
দুই মেয়েশিশুকে নিয়ে জাপানি মা ও বাংলদেশি বাবাকে গুলশানের একটি বাসায় ১৫ দিন একসঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তাদের একসঙ্গে থাকার বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা। আর তাদের নিরাপত্তা দেবে পুলিশ।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগে ১৯ আগস্ট দুই মেয়েকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেছিলেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো (৪৬)। দুই শিশুকে আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। সে অনুসারে দুই শিশু আজ আদালতে আসে।
মঙ্গলবার সকাল ১০টার পর সিআইডির তত্ত্বাবধানে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আদালতে উপস্থিত হয়। এর কিছুক্ষণ পর আদালতে হাজির হন তাদের বাবা শরীফ ইমরান। এরিকোও আদালতে হাজির হয়েছেন।
শুনানি শেষে বিকালে এ আদেশ দেন আদালত।