ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া অবস্থান !
পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে ইরানের বিরুদ্ধে ‘কড়া অবস্থান’ নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
গতকাল বুধবার (১১ নভেম্বর) সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
সৌদি বাদশাহ বলেন, ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদদ এবং গোষ্ঠীগত বিভাজনে উসকানির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সৌদি। ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে দেশটির ব্যাপক বিধ্বংসী অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কঠোর হস্তে মোকাবেলা নিশ্চিত করে।
আলজাজিরা জানায়, ৮৪ বছর বয়সী এই শাসককে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার এই প্রথম কোনো সভায় বক্তব্য দিতে দেখা গেছে। ওই ভাষণে তিনি ইরানের ‘সম্প্রসারণবাদের’ নিন্দা জানান।
এদিকে সৌদি বাদশাহর সর্বশেষ বক্তৃতার প্রতিক্রিয়ায় এখনো কোনো মন্তব্য করেনি ইরান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাদশাহর দেওয়া বক্তব্যকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে নাকচ করে দেয় তেহরান।