বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, বুঝে কথাবার্তা বলা উচিত: আসিফের মন্তব্য নিয়ে ফাহিম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নিয়ে প্রথম দিনই সংবাদকর্মীদের স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে দেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিসিবি পরিচালক বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের অধীনে যারা (গণমাধ্যমকর্মী) আছেন, তারা তো (স্টেডিয়ামে) আসবেনই। আমরা পোর্টফলিও চেক করি, কারা গুজব ছড়ায় না, কারা ফালতু কাজ করে না। তাদের ডেকে এনে আমরা বসব (পরিকল্পনা ছিল)। এই সময়ের আগে আবার ফারুক ভাইয়ের আঙুলের (বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের আঙুল উঁচিয়ে ধরা ছবি ছড়িয়ে পড়ে) ঘটনাটা ঘটল। ক্রীড়া প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গে এসে ফাটাকেষ্ট’র মতো একটা অর্ডার দিয়ে দিলেন। সবকিছু মিলিয়ে ব্যাপারটা লেজেগোবরে হয়ে গেছে।’
ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আসিফের এমন মন্তব্য শুনে হতাশা প্রকাশ করেছেন বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা।
এ বিষয়ে গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে (এমন কথা বলেছেন) কি না আমি এটা বলতে পারব না। তবে এরকম দায়িত্বশীল জায়গা থেকে কথাবার্তা বুঝেশুনে বলা উচিত। বিসিবির মতো সংস্থার মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। কথা বের হয়ে গেলে তো বের হয়ে গেল। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য অবশ্যই অপ্রত্যাশিত। আগেও আমরা বিসিবি পরিচালকদের কাছ থেকে অনেক ধরনের বেফাঁস মন্তব্য শুনেছি। অনুরোধ জানাব তারা এগুলো থেকে বিরত থাকুক।’
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এ ধরনের ঘটনা খুবই বিরল। অন্য কোনো সভ্য দেশের ক্রীড়াঙ্গনেও এমন ঘটনা ঘটেছে বলে তার জানা নেই। তাই এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে এড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ইত্তেফাক