বন্দুক ও ধারালো অস্ত্রসহ আটক দুইজনকে পুলিশে সোপর্দ
মহেশখালীর সোনাদিয়ায় মানবপাচারকারী ও বহু মামলার পলাতক আসামী আলমের নেতৃত্বে রফিক মিয়া নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুইজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
২৮ অক্টোবর সকাল ৮টায় ঘটনাটি ঘটে সোনাদিয়া পশ্চিম পাড়ায়। আহত যুবক ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে। আহতকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে ঘটনার পর পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় বন্দুক ও ধারালো অস্ত্রসহ ২ জনকে ঘেরাও করে রাখলে পুলিশ তাদের আটক করে।
ঘটনার বিবরণে জানা যায়, আহত রফিকের ভাই শফিকের সাথে মানবপাচারকারী সোনাদিয়ার আলমের (পূর্বের বাড়ী বড় মহেশখালী জাগিরা ঘোনা) তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কয়েকদিন আগে। এক পর্যায়ে সোমবার সকাল ৮টায় সোনাদিয়া পশ্চিম পাড়ায় ভাড়াটে অস্ত্রধারী নিয়ে রফিক কে কুপিয়ে ও চুরি মেরে গুরুতর আহত করে। এ সময় শফিকও আহত হয়। রফিক মিয়াকে মেরে পালিয়ে যাওয়ার সময় একটি লম্বা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ ও একটি ধারালো দাসহ স্থানীয় জনতার সহায়তায় ঘেরাও করে রাখলে মহেশখালী থানার এসআই নুরুন্নবী হামলাকারীদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হচ্ছে-কুতুবজোম চরপাড়ার ইসহাক মিয়ার ছেলে গুরা মিয়া (৩০), সোনাদিয়া পশ্চিম পাড়ার আব্দু শুক্কুর।
এ ঘটনায় রফিকের ভাই ওবাইদুল হক বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে আরেক মামলার প্রস্তুুতি নিচ্ছে বলে ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।