দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭২৩ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৪৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৯১টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪১১টি। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯ হাজার ৪৪৫ জন।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৪০৪ জন ও নারী ১ হাজার ৩১৯ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৩ জন। বিভাগওয়ারী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে তিন, রাজশাহী দুই, খুলনা এক এবং রংপুর বিভাগে একজন।