চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় আহত চার পুলিশ
পুলিশ জানায়, বুধবার (২০ নভেম্বর) রাতে মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একসঙ্গে কয়েকটি মোটরসাইকেল যাচ্ছিল। সন্দেহ হলে টহল পুলিশ তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেল থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে এএসআই জিয়াউর রহমান ও আরো তিন কনস্টেবল আহত হন।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাদের মধ্যে কনস্টেবল রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে পুলিশ রিভলভারসহ দু’জনকে আটক করেছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, বুধবার রাতে এএসআই জিয়াউর রহমান কনস্টেবলদের নিয়ে পাহাড় ঘেরা সুরমা চা বাগান এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। আটটার দিকে একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রমকালে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা দু’জন পুলিশ সদস্যদের ওপর হামলা চালালে ৪ জন আহত হন। পরে একটি চায়না পিস্তল, ২ রাউন্ড গুলি এবং পিস্তলসহ সোবহান ও বায়োজিদ নামের দু’জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।