ওএমএস ডিলার নিয়োগে বিতর্কে আওয়ামী লীগ নেতা আনিচ মাতুব্বর, ক্ষুব্ধ এলাকাবাসী
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার হিসেবে আওয়ামী লীগ নেতা আনিচ কুইট্টাল ওরফে আনিচ মাতুব্বরের নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই নেতা প্রশাসনের সঙ্গে আঁতাত করে ক্ষমতার অপব্যবহার করে সরকারি সুবিধা হাতিয়ে নিচ্ছেন।
চৌধুরী বাজার এলাকার বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে অতীতে বহু মানুষকে জমি ও বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় সালিশি বা বিচারের নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন আনিচ মাতুব্বর।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, “যেখানে স্বৈরাচারী সরকার পতনের প্রায় এক বছর হয়ে গেছে, সেখানে এখনো তাদের অনুসারীরা কীভাবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন, তা বোধগম্য নয়।”
আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, “সরকারি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে প্রভাবিত করে আনিচ মাতুব্বর এই ডিলারশিপ পেয়েছেন বলে আমরা শুনেছি। বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক ও হতাশাজনক।”
এই নিয়োগের প্রতিবাদে ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, ইউএনও’র কাছে আনিচ মাতুব্বরের নিয়োগ বাতিলের জন্য লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন এলাকাবাসীর প্রতিনিধিরা।
জনগণের দাবি, ওএমএস ডিলারের মতো একটি গুরুত্বপূর্ণ ও জনসেবামূলক দায়িত্বে থেকে রাজনৈতিক ও বিতর্কিত ব্যক্তি যেন কোনোভাবেই সুযোগ না পান। সেই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়েছে, আনিচ মাতুব্বরের নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করে অবিলম্বে তা বাতিল করা হোক।