প্রধানমন্ত্রীর নজরে রুনা লায়লা; পেতে পারেন নৌকা প্রতীক !
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কে পাচ্ছেন আ’লীগের মনোনয়ন ? আর কে বা হচ্ছেন দহগ্রামের চেয়ারম্যান এমন আলোচনা-সমালোচনা চলছে।
উপজেলা থেকে জেলা পর্যায়ের নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন অনেকে। যে ভাবেই হোক, নৌকার মনোনয়ন নিতে বিভিন্ন জনকে হাত করার চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা।
গত নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন যুবলীগ নেতা ওই সময়ের চেয়ারম্যান হাবিবুর রহমান। নৌকা প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হোন ইউনিয়ন আ’লীগ সভাপতি কামাল হোসেন প্রধান। এবারের নির্বাচনে মনোনয়ন পেতে আগ্রহী কমপক্ষে ৫ জন নেতা-নেত্রী। এদের মধ্যে সাবেক চেয়ারম্যান বর্তমান আ’লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন প্রধানের মধ্যে চলছে লড়াই। তবে পিছিয়ে নেই বর্তমান আ’লীগ সভাপতি সাফিউল ইসলাম বাবলু মেম্বর।
এদিকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে পারেন দহগ্রাম ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য, দহগ্রাম মহিলা লীগ সভানেত্রী রুনা লায়লা। এমন আভাস দিচ্ছেন দলীয় লোকজন। সরকারের সমালোচনা ও স্লীপ বাণিজ্য ঠেকাতে এবার মহিলা চেয়ারম্যানের আলোচনা উঠেছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতেও আছেন রুনা লায়লা। জানা যায়, তিনি একাধিকবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা এবং ফোনেও কথা বলেছেন।
উল্লেখ্য, চারদিকে ভারত বেষ্টিত সীমান্ত ঘেষা বহুল আলোচিত একটি ইউনিয়ন দহগ্রাম। যেখানে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। পাটগ্রাম উপজেলার ৪ নং কুচলিবাড়ী ইউনিয়নের সাবেক দু’টি মৌজা দহগ্রাম ও আঙ্গারপোতা । ১৮’৬৮ বর্গকিলোমিটার এলাকা। ঐতিহাসিক তিনবিঘা করিডোর দিয়ে চলাচল কথিত ছিটমহলের মত দেখতে অনেকটা মনে হলেও বাস্তবে এটি কিন্তু ছিটমহল নয়।