১০ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, ৮ জেলায় স্থিতিশীল
বর্তমানে দেশের ১৮টি জেলা বন্যাকবলিত। এর মধ্যে ৮ জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং ১০ জেলায় পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। স্থিতিশীল থাকতে পারে ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতিও। অন্যদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের উজানে মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার আশপাশের নদীর পানি স্থিতিশীল, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।