স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী
গোপনে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর বিরুদ্ধে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় স্বামী ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহত আমিনুল ইসলাম (৩৫) টাঙ্গাইলের সখীপুর উপজেলার গোহাইলবাড়ি এলাকার সালাম মিয়ার ছেলে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রি। কিছুদিন ধরে তিনি প্রথম স্ত্রীকে নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ভাড়া বাসায় থাকেন। আমিনুল ইসলাম গোপনে কালিহাতী উপজেলার বানিয়া গ্রামে দ্বিতীয় বিয়ে করেন।
এ ঘটনা স্ত্রী জানতে পারলে ক্ষিপ্ত হন এবং রাতে তাদের উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষ শান্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়লে স্ত্রী কৌশলে ধারালো ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন। প্রচুর রক্তক্ষরণ হলে আমিনুলকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়া হয়।
উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাবা সালাম মিয়া বলেন, আমার ছেলে অবস্থা খুব আশঙ্কাজনক। ঘটনার পর থেকে বড় বউ পলাতক রয়েছে। আমি ছেলের বউয়ের উপযুক্ত শাস্তি দাবি করছি।
সখীপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।