সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ রনির দাপট!
সোনা মিয়া মার্কেটে বেকারি ব্যবসায়ীর কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আবারও কেঁপে উঠেছে চাঁদাবাজির আতঙ্কে। সোনা মিয়া মার্কেটের বেকারি ব্যবসায়ী শাহ আলমের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী রনির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় দাপটের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে রনি। নিয়মিত হুমকি-ধমকির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
রনি হলো মৃত আওয়ামী লীগ নেতা শাহজাহানের ছেলে। এক সময় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতি রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী ছিল সে। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরশাসন পতনের পর পালানোর চেষ্টা করেও ধরা পড়ে যান সাবেক কাউন্সিলর মতি। তার গ্রেপ্তারের পর থেকেই রনি এলাকায় একক প্রভাব বিস্তার করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আদমজীসহ আশপাশের ব্যবসায়ীরা রনির ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। কে বা কারা রনিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।
এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে রনিকে আইনের আওতায় আনে এবং সাধারণ মানুষকে সন্ত্রাস ও চাঁদাবাজির ভীতি থেকে মুক্তি দেয়।