রাউজান শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন আব্দুর রহিম চৌধুরী
রাউজানের শান্তিরদ্বীপে সম্পন্ন হলো কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন। নতুন নেতৃত্ব পেল সমাজভিত্তিক এই সংগঠনটি।২১ জানুয়ারি ২০২৬ তারিখে রাউজান উপজেলা শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং-২৭৫) এর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী বাড়ি কে এস লিমিটেডের সদস্য মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ মনজুর আলম। এছাড়া ছয়জন সদস্যকে নিয়ে মোট আট সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু বড়ুয়া। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াছমিন আক্তার ও রূপম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি মীর মোহাম্মদ মনজুর আলমসহ সদস্য বিধান চক্রবর্তী, বিমল চন্দ্র দাশ, মো. আথতারুজ্জামান চৌধুরী বাবর, রুম্পা দে, মুন্নী সরকার ও দেবী রানী দে।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী বলেন, শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির মাধ্যমে মাছ চাষ, গাভী পালন, হাঁস-মুরগি পালন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য সহজ শর্তে ঋণ বিতরণ করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে সদস্যরা স্বাবলম্বী হয়ে পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে সমিতিটি সদস্যদের কল্যাণের পাশাপাশি পুরো রাউজানের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হয়। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরীকে সভাপতি করে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।