মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসা চলাকালে শুক্রবার (৫ জুন) ভোরে তার ব্রেন স্ট্রোকের ফলে মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণ হয়। পরে অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
গত ১ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার আগে শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী জানিয়েছেন, ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে। এ মুহূর্তে তিনি শঙ্কামুক্ত নন।
আজ বেলা ১১টায় মোহাম্মদ নাসিমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। আগামীকাল তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকদের মতামতের ভিত্তিতে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেয়া হতে পারে।