মোশাররফ-চঞ্চলকে নিয়ে হুমায়ূন আহমেদের উপন্যাসের সিনেমা
বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের গল্প-উপন্যাস নিয়ে অনেক নাটক সিনেমা নির্মিত হয়েছে। এগুলোর বেশিরভাগ পরিচালনা করে গেছেন তিনি নিজেই। এবার তার দারুণ জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
যেখানে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দেশের নন্দিত দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।
জানা যায়, এই চমকটি নিয়ে আসছেন তরুণ ও প্রতিভাবান পরিচালক তানিম নূর।
এর আগে ওয়েব ও টেলিভিশনে গল্প বলার অভিনব ধারা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সেইসঙ্গে ‘উৎসব’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রেখেই পেয়েছেন প্রশংসা ও ব্যবসায়িক সাফল্য। আশা করা যাচ্ছে, নিজের দ্বিতীয় ছবিতেও বাজিমাত করবেন তিনি।
তানিম নূর অবশ্য সিনেমাটির ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না। আরও কিছু সময় তিনি নিতে চান। বললেন, কেবল পরিকল্পনা চলছে নতুন সিনেমা নিয়ে।
‘উৎসব’ সিনেমার মতোই ‘কিছুক্ষণ’-এও তারকাদের মেলা বসাবেন তানিম নূর। এতে মোশাররফ ও চঞ্চল ছাড়াও দেখা যাবে সাবিলা নূর, শরীফুল রাজসহ একঝাঁক তারকাকে। ছবিতে চিত্রা চরিত্রে সাবিলাকে দেখা যাবে বলে জানা গেছে।
‘কিছুক্ষণ’ একটি ট্রেনযাত্রার গল্প। এর শুরু যেমন ট্রেনে, শেষও তেমনি সেই ট্রেনে। পুরো কাহিনিই গড়ে উঠেছে তিনটি চরিত্রকে ঘিরে। তারা হলেন চিত্রা, আশহাব ও আব্দুর রশিদ উদ্দিন।
হুমায়ূনভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত। বহু প্রতীক্ষার পর প্রিয় লেখকের গল্প এবার আসতে চলেছে সিনেমা হলে।
ইত্তেফাক