মিডিয়ায় যাচাইহীন তথ্য প্রচারের প্রতিবাদ-জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মাসুদকে নিয়ে বিকৃত সংবাদে ক্ষোভ
জুলাই আন্দোলনের সময় সাহসিক ভূমিকার জন্য পরিচিত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মাসুদকে ঘিরে সম্প্রতি বেশ কিছু অনলাইন ও সামাজিক মাধ্যমে যাচাইবিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ওয়ারিয়র্স অব জুলাই – পঞ্চগড় সংশ্লিষ্টরা।তাদের অভিযোগ-গত ৫ ডিসেম্বর সংগঠনের একটি গুরুত্বপূর্ণ আয়োজনের আগে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে, যেখানে চাল বরাদ্দ ও আর্থিক তহবিল ব্যবস্থাপনা নিয়ে একজন ব্যক্তিকে এককভাবে দোষারোপ করে সম্মানহানি করার চেষ্টা হয়েছে, অথচ বিষয়টির কোনো ক্রস-চেক বা যাচাই-বাছাই করা হয়নি।
সংগঠন জানায়, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সহায়তার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে যে তহবিল সংগ্রহ ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা সর্বোচ্চ নেতৃত্বের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই সম্পন্ন হয়। আর্থিক লেনদেন বা বরাদ্দ নিয়ে সন্দেহ তৈরি করে একজনকে আলাদা করে আক্রমণ করা সাংগঠনিক নীতির পরিপন্থী এবং সামাজিকভাবে অনভিপ্রেত।তারা আরও জানান, সংগঠনের আয়-ব্যয়ের হিসাব সংগঠনগত প্রক্রিয়া অনুযায়ীই পরিচালিত হয়, ব্যক্তিগতভাবে কারও নিকট জবাবদিহিতার বাধ্যবাধকতা নেই। পরিকল্পিতভাবে তথ্য বিকৃতি ঘটিয়ে তা সংবাদ আকারে প্রচার করা বিভেদ সৃষ্টির অপচেষ্টা বলে মনে করছে সংগঠন।
“স্বাধীন মত প্রকাশের অধিকার আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেই স্বাধীনতা যেন কারও সম্মানহানি বা মিথ্যা প্রচারের ঢাল না হয়। যাচাইহীন সংবাদ সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং প্রকৃত মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত হয়। সত্য উদঘাটনে সাংবাদিকতার নৈতিকতা বজায় থাকা জরুরি।”তারা সংশ্লিষ্ট মিডিয়া ও প্রচারকারীদের তথ্য সত্যায়িত করে উপস্থাপনের আহ্বান জানান এবং মিথ্যা অপপ্রচার রোধে প্রশাসন, গণমাধ্যম কর্মী, সামাজিক নেতৃত্ব ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান করেন।
“জুলাই চেতনার লক্ষ্য শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো। ভেদাভেদ নয়-ঐক্যই আমাদের শক্তি। সত্যের জয় হোক, জুলাই দীর্ঘজীবী হোক।”