নির্বাচন সুষ্ঠু হয়েছে, নৌকা বিপুল ভোটে জয় পাবে: শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
রবিবার বিকেল তিনটা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সংবাদ মাধ্যমে এসব কথা বলেন তিনি। এটাই তার প্রথম ইভিএমে ভোট দেয়া বলেও জানান শামীম ওসমান।
এসময় শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা হয়েছে। কিন্তু আজকে প্রমানিত হয়েছে নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোট হয়। আজকের নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। শান্তির শহর নারায়ণগঞ্জ, এখানে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। জনগণ সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।’
শামীম ওসমান আরও বলেন, আমি নৌকার নির্বাচন করেছি। আমি শেখ হাসিনার সৌন্য, তার নির্দেশনা অনুযায়ী আমি কাজ করি। এই নির্বাচনের জন্য আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা-কর্মীরা অনেক শ্রম দিয়েছেন। তারা তাদের শ্রমের ফল পাবে এবং নৌকার জয় হবে। তিনি আরও বলেন, প্রার্থী নয়, প্রতিককে ভোট দিয়েছি, ছোট বোনের জন্য দোয়া, আল্লাহ যেন তাকে হেদায়েত করেন।
তিনি বলেন, আজ জনগণ সন্তুষ্ঠ। তারা তাদের ভোট দিতে পেরে আনন্দিত বলে শুনেছি। এটাই অনেক বড় প্রাপ্তি। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি জনগণের খুশি। নারায়ণগঞ্জ সব পেয়েছে, বড় বড় কাজ এখানে হয়েছে। আর কিছু চাওয়ার নেই বলেও জানান তিনি।