জকিগঞ্জে ৫০ হাজার পিস ইয়াবাসহ ইউপি সদস্য আবদুল মুকিত ও তার ভাই আ ট ক
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তরকুল এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটকরা হলেন বারঠাকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল মুকিত (৫৫) এবং তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোয়েন্দা সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল। অভিযানের সময় দুই ভাই বাড়িতেই অবস্থান করছিলেন।অভিযানকালে আবদুল মুকিতের লুঙ্গিতে মোড়ানো অবস্থায় ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ব্যাগে রাখা আরও ৪৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।অভিযানের বিষয়ে পলাশ পাল বলেন, “আটক দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সহজেই ইয়াবা পাচার করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এবং ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান, উপপরিদর্শক মামুনার রশীদ, সহকারী উপপরিদর্শক মুস্তফা কামাল, এনামুল হক খান, সিপাহী প্লাবন দাশ, দিজেন্দ্র দাশ, সোহেল মিয়া ও এহসানুল হক অংশ নেন।