গাজীপুরে সাংবাদিকের জমি দখলের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
গাজীপুরের পূবাইল এলাকায় দীর্ঘদিনের একটি ভূমি বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। পূবাইল রেলস্টেশনের পাশের নয়নী পাড়ায় সাংবাদিক সূর্য আহমেদ মিঠুনের পৈত্রিক জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে হুমায়ুন কবির এবং উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংশ্লিষ্ট জমি কেনাবেচার দালাল মেজবাহ উদ্দিন মোল্লার বিরুদ্ধে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দাবি করা জমির ওপর দিয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ডেইরি ফার্মের যানবাহন চলাচলের জন্য একটি রাস্তা তৈরি করা হয়েছে। পাশাপাশি সেখানে একটি টিনশেড স্থাপন করা হয়েছে। এসব স্থাপনা নিয়ে জমির মালিকানা বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন বলেন, জমির প্রকৃত মালিকানা নির্ধারিত হয় সঠিক ও পূর্ণাঙ্গ কাগজপত্রের মাধ্যমে। তার অভিযোগ, অভিযুক্তদের হাতে থাকা ফটোকপি দলিলে তার জমির কোনো দাগ বা খতিয়ানের অস্তিত্ব নেই। তা সত্ত্বেও গত এক দশক ধরে তাকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে তিনি আগেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান।
নিজের দাবির পক্ষে নথিপত্র উপস্থাপন করে তিনি বলেন, তাদের পরিবারের লিগ্যাল দাবি করা প্রায় ৭৭ শতাংশ জমি সরকারের কাছ থেকে ক্রয় করা ২৯০ নম্বর দাগভুক্ত। অথচ অভিযুক্তদের দলিলে সিএস ও এসএ ১১৩ এবং ১১৮ নম্বর দাগের উল্লেখ রয়েছে, যা তাদের জমির সঙ্গে মেলে না। এই দাগ ও খতিয়ানের অমিলই বিরোধের মূল কেন্দ্রবিন্দু বলে তিনি মনে করেন।তিনি আরও জানান, তার পরিবারের মালিকানাধীন তিনটি খতিয়ান—সিএস খতিয়ান ৩৬৬ ও ৩৬৬/২২, এসএ খতিয়ান ৭৪৪ এবং আরএস খতিয়ান ১৯৯—প্রতিটিতেই তার দাদার নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বিপরীতে অভিযুক্তদের ফটোকপি দলিলের কোনো একটিতেও এসব খতিয়ানের উপস্থিতি নেই বলে দাবি করেন তিনি।
সূর্য আহমেদ মিঠুনের ভাষ্য অনুযায়ী, ১৭১ ও ২৯০ নম্বর দাগ পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান রেলওয়ের মালিকানাধীন ছিল। ১৯৪৮ সালে খুদিরাম নুনিয়ার কাছ থেকে ক্রয় করা ১১৩ ও ১১৮ দাগের দলিলে ভুলবশত সরকারি দাগ ১৭১ ও ২৯০ অন্তর্ভুক্ত করা হয়, যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বলেও তিনি দাবি করেন।বর্তমান পরিস্থিতিতে ভুক্তভোগী সাংবাদিক ভূমি প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হয়। একই সঙ্গে অবৈধ দখল থেকে তার পৈত্রিক জমি উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।