fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা ওরা আমার মৃত বাপ থেকেও ৫০ হাজার টাকা নিয়ে নিল
ওরা আমার মৃত বাপ থেকেও ৫০ হাজার টাকা নিয়ে নিল

ওরা আমার মৃত বাপ থেকেও ৫০ হাজার টাকা নিয়ে নিল

0

মানুষ কীভাবে এত খারাপ হতে পারে? ওরা আমার মুমূর্ষু বাবাকেও একটু সাহায্য করেনি। আমার মৃত বাবার পকেট থেকে ৫০ হাজার টাকা কীভাবে হাতিয়ে নিল।
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী বৈশাখী দাশ। দুই বাসের সংঘর্ষে আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে তাঁর বাবা মোহন দাশের (৫০) মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তিনি বাসে তাঁর বাবার সঙ্গে ছিলেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে মোহন দাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে থাকা তাঁর মেয়েরা এ খবর শুনেই কান্নায় ভেঙে পড়েন। মোহন দাশের মেয়ে বৈশাখী বিলাপ করতে করতে বলছিলেন, ‘ও বাবা, তুঁই এত নিষ্ঠুর কিল্লাই (কেন) অইওদে (হয়েছো), অ্যাই (আমি) তোঁয়ারে ছাড়া ক্যান গরি (কীভাবে) থাইককুম।’
নিহত মোহন দাশ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পুটিভিলা এলাকার মনিন্দ্র দাশের ছেলে। বেলা পৌনে দশটার দিকে চট্টগ্রামের পটিয়ার কমলমুন্সির হাটের ঈগল ও মারসা পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় পান ব্যবসায়ী। দুর্ঘটনায় তাঁর একটি হাত বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। একই ঘটনায় আরও অন্তত ৮ যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈগল পরিবহন নামের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। মোহন দাশ ওই বাসের যাত্রী ছিলেন। অন্যদিকে মারসা পরিবহন কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল। বাস দুটি পটিয়ার কমলমুন্সির হাট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোহন দাশসহ অন্তত ৯ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহত ব্যক্তিরা হলেন, চন্দনাইশ উপজেলার দোহাজারী জয়নাল (৩০) ও তাঁর ছেলে মোহাম্মদ (৫), একই উপজেলার টিপু চৌধুরী (৩৬), হাটহাজারী উপজেলার মিন্টু দাশ (১৯), পটিয়ার ব্রাহ্মণপাড়ার আনোয়ার (৩৮), একই উপজেলার কাগজীপাড়ার তাহের (৪৫), কক্সবাজার জেলার নুরুল আজাদ (২৯) ও চট্টগ্রাম নগরের শিরীণ আখতার (৪৭)।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সামিয়া রওশন বলেন, ‘মোহন দাশের একটি হাত বিচ্ছিন্ন ছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ (৫) ও তাহের(৪৫) নামের অপর এক যাত্রীকে উন্নত চিকিৎসক জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’
মোহন দাশের স্বজনেরা জানান, দুই মেয়েকে নিয়ে মোহন চট্টগ্রাম নগরের এক স্বজনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। আজ সকালে তিনি দুই মেয়ে এ্যনি ও বৈশাখী দাশ আর দুই নাতিকে নিয়ে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় মোহন দাশের মৃত্যু হলেও তাঁর সঙ্গে থাকা মেয়ে ও নাতিদের কিছু হয়নি।মোহন দাশের মেয়ে বৈশাখী দাশ বলেন, দুর্ঘটনার পর প্রথম দিকে কিছু মানুষ এলেও তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করেননি। উল্টো আহত অবস্থায় পড়ে থাকা তাঁর বাবার পকেট থেকে টাকা নিয়ে যান। পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তিদের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। পাশাপাশি সড়কের যানজটও নিরসন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করেছেন। চালক নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনায় ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *