আই নিউজ বিডি কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল: মুক্ত সাংবাদিকতার পক্ষে দৃঢ় প্রত্যয়
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত অনলাইন সংবাদমাধ্যম আই নিউজ বিডি-র প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল। আন্তরিকতা, সৌহার্দ্য ও ভাবগাম্ভীর্যে ভরা এই আয়োজনটি কেবল ইফতার মাহফিলেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি পরিণত হয় মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে এক মিলনমেলায়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি এবং সমাজসেবীরা অংশ নেন। অতিথিরা আই নিউজ বিডি-র পথচলার প্রশংসা করে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, নির্বাহী সদস্য আব্দুল্লাহ মজুমদার, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ, ডিইউজে’র সাবেক নির্বাহী সদস্য এম এ হালিম, বিএফইউজে’র কাউন্সিলর এম এ মতিন এবং দৈনিক প্রভাতীর খবরের নির্বাহী সম্পাদক জিএম রফিক।
প্রধান অতিথির বক্তব্যে সরদার ফরিদ বলেন, বর্তমান সময়ে যখন অনেক গণমাধ্যম নানা চাপ ও আপসের মুখে পড়ে, তখন আই নিউজ বিডি নীতি ও আদর্শে অটল থেকে সাহসী সাংবাদিকতার উদাহরণ তৈরি করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই নিউজ বিডি-র সম্পাদক ফয়েজুল্লাহ সাঈদ। স্বাগত বক্তব্যে তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
ইফতার মাহফিলে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোস্তাফিজুর রহমান খোকন, লেবার পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় হিন্দু ঐক্য মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, এনসিপি’র ওলামা অ্যালায়েন্স কমিটির সদস্য সচিব সানাউল্লাহ খান এবং বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুজ্জামান হীরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাসির।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই নিউজ বিডি সেই দায়িত্ব পালনে সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার ক্ষেত্রে আই নিউজ বিডি কখনো আপস করেনি। তবে সব শর্ত পূরণ করার পরও এখনো প্রতিষ্ঠানটির সরকারি নিবন্ধন না পাওয়া স্বাধীন গণমাধ্যমের জন্য হতাশাজনক বলেও মন্তব্য করেন তারা। দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের এক পর্যায়ে সম্পাদক ফয়েজুল্লাহ সাঈদ অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময় ক্ষমতাসীনদের পছন্দমতো সংবাদ প্রকাশ না করায় নানা চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছিল। তবুও সত্য প্রকাশের পথ থেকে তারা সরে আসেননি।
প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক মাহফুজ জাহিদ তার বক্তব্যে আই নিউজ বিডি-র সংগ্রামী পথচলার কথা তুলে ধরে ভবিষ্যতে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে প্রকাশক আব্দুল্লাহ আল মামুন বলেন, আই নিউজ বিডি সবসময় শোষিত মানুষের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। কোনো রাজনৈতিক দলের প্রভাবের বাইরে থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আই নিউজ বিডি পরিবারের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।