হোম জাতীয় পাঠ্যবইকে ‘ইস্যু’ বানিয়ে সরকার হটানোর চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
পাঠ্যবইকে ‘ইস্যু’ বানিয়ে সরকার হটানোর চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

পাঠ্যবইকে ‘ইস্যু’ বানিয়ে সরকার হটানোর চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

0
0

কোনো ইস্যু না পেয়ে শেখ হাসিনার সরকারকে সরাতে কেউ কেউ নতুন শিক্ষাক্রম ও পাঠ্যবইকে ‘ইস্যু’ বানানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাদের নিয়ে করুণা ছাড়া আর কিছু করার নেই। পাঠ্যপুস্তক নিয়ে তারা যা বলছেন তা মিথ্যাচার।

সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পাঠ্যবইয়ে যেসব ভুল এখন পর্যন্ত পাওয়া গেছে তা সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বাকি বইগুলো সবার জন্য উন্মুক্ত আছে। সবাই মতামত দিন। যেসব মতামত যৌক্তিক হবে সেগুলো গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, আমি সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত যে দেশের সব মানুষ পাঠ্যবই পড়ছে। আমি চাই এটি তারা আরো সূক্ষ্মভাবে দেখুক। যত গঠনমূলক সমালোচনা ও পরামর্শ রয়েছে আমাদের দিক, আমরা খোলা মনে সব পরামর্শ বিবেচনা করব। যেখানে যৌক্তিক হবে, সেখানে পরিমার্জন, পরিশোধন, পরিশীলন করা হবে। এটি আমি দায়িত্ব নিয়ে বলছি।

ডা. দীপু মনি বলেন, বই না পড়ে, না দেখে কেউ কেউ সমালোচনা শুরু করেছেন। তারা চায় না এ সরকার থাকুক। এ রকম একটি গোষ্ঠী বলছে, নতুন বইয়ে ইসলাম নেই, যা আছে ওটা ইসলামবিরোধী। আপনাদের আশপাশে ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ওয়েবসাইটে বই আছে, আপনারা দেখে নিন।

শিক্ষামন্ত্রী বলেন, ৩৫ কোটি বই ছাপা হয়, এটি একটি বিশাল কর্মযজ্ঞ। গত বছর বিদ্যুতের সমস্যা, কাগজের সংকট ছিল। প্রকাশকদের নিয়েও নানা ধরনের সমস্যা সমাধান করতে হয়েছে। যেখানে ভুল থাকবে, যেখানে ধরা পড়বে আমরা সব যৌক্তিক ভুল সংশোধন করব। কিন্তু মিথ্যাচার মেনে নেয়া হবে না। পশ্চিমবঙ্গের বাতিল করা একটি বইয়ের বর্ণপরিচয় থাকা একটি পৃষ্ঠার সঙ্গে আমার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে, এটি সামাজিকতা নয়।

তিনি বলেন, যেসব শিক্ষক সামান্য সম্মানীর বিনিময়ে দিনের পর দিন কষ্ট করে বইগুলো সম্পাদনা করেন তাদের হুমকি দেওয়া হলে সহ্য করবো না। মিথ্যাচার ও অপপ্রচার সহ্য করা হবে না। যা যৌক্তিক, সঠিক আমরা তা নিশ্চয়ই গ্রহণ করব। কোনো ইস্যু না পেয়ে যারা শেখ হাসিনা সরকারকে সরাতে নতুন শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ের ওপর ভর করার চেষ্টা করছেন তাদের নিয়ে করুণা করা ছাড়া আর কিছু করার নেই।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *