সমাবেশের আগে আমিনবাজারে পুলিশের তল্লাশি
আজ রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ। প্রধান দুই দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে গাড়ি চলাচলও সীমিত রয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী ও আমিনবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
দেখা গেছে, টেকনিক্যাল, মাজার রোড বা গাবতলীতে সেভাবে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি না হলেও আমিনবাজারে রাজধানীগামী বাসে কঠোর তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। রাস্তায় বেরিকেড দিয়ে প্রত্যেক গাড়িতে ঢুকে তল্লাশি করে ছাড়া হচ্ছে। আমিনবাজারে জেলা পুলিশের পাশাপাশি জেলা ডিবি পুলিশও কঠোর নজরদারিতে দায়িত্ব পালন করছে। এ ছাড়া, আমিনবাজার ব্রিজ পার হয়ে গাবতলীতে ঢোকার মুখেই পুলিশের নজরদারি থাকলেও তল্লাশি করা হচ্ছে না। তবে কোনো গাড়িকে সন্দেহ হলেই গাবলতীতে তল্লাশীসহ গাড়ির কাগজপত্র দেখছেন পুলিশের সার্জেন্ট।
পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা রাশেদ বলেন, আজকে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ আছে। এই সমাবেশে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সচেষ্ট আছে। আমরা কোনো গাড়িই আটকাচ্ছি না। তবে প্রত্যেক গাড়িতে আমরা তল্লাশি করছি। সাধারণ জনগণের জানমাল রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে।
ইত্তেফাক
(0)