হোম বিনোদন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতার গানে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতার গানে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতার গানে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

0
0
3

দুই বাংলার তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গান গেয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছেন। তার লেখা ও গাওয়া ‘একদিন ঝড় থেমে যাবে’ গানটি শ্রোতাপ্রিয়। দুই বাংলাতেই গানটির অসংখ্য ভক্ত রয়েছেন। এবার এই গানে অনুপ্রাণিত হয়ে এপার বাংলার তরুণ নির্মাতা জীবন শাহাদাৎ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছাদবাগান’। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সাহিত্যিক, সাংবাদিক উদয় হাকিম। গানটির কিছু অংশ ব্যবহার করা হয়েছে। গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের সংঘমিত্রা সাক্সেনা।

এ প্রসঙ্গে পরিচালক জীবন শাহাদাৎ বলেন, ‘‘ছোটবেলা থেকেই নচিকেতা দাদার গান শুনে বড় হয়েছি। করোনা মহামারির মধ্যে ‘একদিন ঝড় থেমে যাবে’ গানটি আমাদের নতুন করে বাঁচার উৎসাহ দিয়েছে। ‘ছাদবাগান’ সিনেমার ভাবনা এই গান থেকেই এসেছে। আমি অনুপ্রাণিত হয়েছি। সিনেমাটি নচিকেতা দাদাকে উৎসর্গ করেছি।’’

১২ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য পরিচালক নিজেই লিখেছেন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অরণ্য কুসুম ও ফারাহ আকাঙ্ক্ষা। আরও আছেন মাহমুদ মাসুদ, সাজু ও সঞ্জীব কুমার সাহা।

‘ছাদবাগান’-এ গান ব্যবহার করা প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘‘আমার ‘একদিন ঝড় থেমে যাবে’ গানে উৎসাহিত হয়ে নির্মাণ করা হয়েছে ‘ছাদবাগান’। এটি আমার জন্য অনেক আনন্দের বিষয়। নির্মাতাসহ সিনেমার কলাকুশলীর জন্য আশীর্বাদ রইলো।’’

সিনেমার গল্পে দেখা যাবে, করোনা মহামারির আঘাতে অন্য অনেকের মতো অর্থনৈতিক সংকটে পড়ে ঢাকার আরিফ ও চৈতী দম্পতি। শহর ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হন তারা। কিন্তু যাওয়ার সময় পিছুটান হয়ে ধরা দেয় তাদের পরম যত্নে গড়ে তোলা ছাদবাগান। বাগানের এক একটি গাছ তাদের কাছে সন্তানতুল্য মনে হয়। সেই সন্তানদের ফেলে শহর ছাড়ার বেদনার গল্প ফুটে উঠেছে ‘ছাদবাগান’-এ।

(0)

3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *