হোম ক্রীড়া ইংল্যান্ডের নতুন অধিনায়ক জস বাটলার
ইংল্যান্ডের নতুন অধিনায়ক জস বাটলার

ইংল্যান্ডের নতুন অধিনায়ক জস বাটলার

0
0

ওয়েন মরগ্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার দুদিনের মধ্যে সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক খুঁজে নিল ইংল্যান্ড। তার স্থলাভিষিক্ত হতে যিনি ছিলেন সম্ভাব্য তালিকায় সবার উপরে সেই জস বাটলারই হলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।

ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা বৃহস্পতিবার বাটলারকে সীমিত ওভারের দুই সংস্করণের ক্রিকেটের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মরগ্যান প্রায় সাড়ে সাত বছর নেতৃত্ব দেওয়ার সময় নিয়মিত সহ-অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল বাটলারকে। মরগ্যানের অনুপস্থিতিতে অধিনায়কত্বও করেন তিনি।

এখন পর্যন্ত মোট নয়টি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টিতে ইংলিশদের নেতৃত্ব দিয়েছেন বাটলার। সবশেষ এই ভূমিকায় তিনি ছিলেন গত সপ্তাহে। কারণ, নেদারল্যান্ডসের মাটিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মরগ্যান।

ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কী বাটলারকে অধিনায়ক করার প্রস্তাব দেন। পরে আগের দিন বুধবার তা অনুমোদন করেন ইসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান মার্টিন ডারলো ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার কনর। আগামী জুলাইতে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন বাটলার।

ফর্ম ও ফিটনেস নিয়ে গত প্রায় ১৮ মাস ধরে ভুগছিলেন মরগ্যান। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে যা পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে। এরপর থেকে শুরু হয় তার অবসরের গুঞ্জন। শেষ পর্যন্ত তা রূপ নেয় বাস্তবে। গত মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক মরগ্যান।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *