fbpx
হোম জাতীয় শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ পুলিশের বাধা
শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ পুলিশের বাধা

শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ পুলিশের বাধা

0

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ বাধা দিয়েছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে শহীদ মিনার থেকে বের হওয়া মিছিলটি মাজার রোডের সামনে আটকে দেওয়া হয়।
বর্তমানে মাজার রোডে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও বিজিবি সদস্যরা রয়েছেন।
শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিকেল ৩টা ২০ মিনিটে থালা-বাটি হাতে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন স্লোগানের মাধ্যমে চলে। ‘যৌক্তিক আন্দোলন, মেনে নাও নিতে হবে’, ‘২০% বাড়িভাড়া দিতে হবে’, ‘ভাতা মোদের দাবি নয়, অধিকার অধিকার’, ‘আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ –এমন বিভিন্ন প্রতীকী ও প্রতিবাদসূচক স্লোগান দেন তারা।
এনামুল হক স্বপন নামের একজন শিক্ষক বলেন, আমরা এ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি জাতির মেরুদণ্ড শক্ত করছি। কিন্তু আজও আমরা নিজেদের জীবনের নিরাপত্তা ও স্বীকৃতির নিশ্চয়তা পাই না। বছরের পর বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা নানা প্রতিশ্রুতি শুনেছেন কিন্তু বাস্তবে কোনো ফল মেলেনি। আমরা এবার প্রস্তুতি নিয়েই রাজপথে নেমেছি দাবি আদায় ছাড়া ফিরে যাব না।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ছি কিন্তু আমাদের স্বীকৃতি ও নিরাপত্তা এখনো নিশ্চিত নয়। খালি থালা হাতে নামা আমাদের বঞ্চনা ও অসম্মানের ভাষা।
এর আগে গত রোববার (১২ অক্টোবর) প্রেসক্লাবের সামনে অবস্থানকালে পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) থেকে শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়। সরকার ইতোমধ্যে ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির ঘোষণা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছে।
শিক্ষকরা দাবী করেন, প্রজ্ঞাপনে উল্লেখিত ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা না দিলে আন্দোলন প্রত্যাহার হবে না।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *