৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ত্রিপুরার নৌ চলাচল শুরু
আগামী ৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সাথে নৌ-পথে যুক্ত হচ্ছে ভারতের ত্রিপুরা। বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি ও ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়ার মধ্যে আভ্যন্তরীণ নৌ-চলাচল শুরু হতে চলেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে ওইদিন পরীক্ষামূলক নৌ-চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য সরকারের এক কর্মকর্তা।
শুক্রবার (২৯ আগস্ট) ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়ার ঘটনাস্থল পরিদর্শন করেন ‘ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র (এলপিএআই) ডিরেক্টর অজিত কুমার সিং। তিনি জানান, সোনামুড়ায় একটি ভাসমান জেটি নির্মাণ করা হয়েছে। জায়গাটি খুবই সুন্দর এবং আগামী দিনে এটি একটি পর্যটন স্থল হিসেবেও গড়ে উঠতে পারে। বর্তমানে পণ্যবাহী জাহাজ চলাচল করবে, পরবর্তীতে এই পথে যাত্রী চলাচলেরও সম্ভাবনা থাকছে।
উল্লেখ্য, কুমিল্লার দাউদকান্দি থেকে ত্রিপুরার সিপাহীজলার সোনামুড়ার দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৮৯.৫ কিলোমিটার পড়ছে বাংলাদেশের অংশে, বাকিটা ভারতের অংশে। ৫০ টন পণ্য বহনকারী ছোট জাহাজ এই পথে চলবে।