নিজস্ব প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শকে কেন্দ্র করে রাজধানীতে আলোচনা সভা ও সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছে গবেষণামূলক সংগঠন ‘জিয়া সংসদ’।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর ২০২৬, রবিবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘জিয়া এবং বাংলাদেশী জাতীয়তাবাদ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম. এ. সালামের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নাজমুল হক নান্নু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, ইউসিপি (UNIP) গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড বিজয়ী নিজাম এম. রহমান (এফ.আর.এস.এ), মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিয়া চৌধুরী এবং জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিয়া সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসান।
আলোচনায় থাকবেন বিভিন্ন পর্যায়ের নেতারা
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আকন্দ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী খন্দকার ফরহানা ইয়াসমিন আতিকা, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান মামুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুকু, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সদস্য মো. মিরাজ হোসেন এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এরপর উদ্বোধনী পর্ব এবং জিয়া সংসদের মহানগর, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠিত হবে।
আলোচনার পাশাপাশি সংগঠনকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা
শুধু আলোচনা সভায় সীমাবদ্ধ না থেকে সাংগঠনিক কর্মশালার মাধ্যমে জিয়া সংসদের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে মতবিনিময়ের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমেও নতুন গতি সঞ্চার হবে।
জিয়া সংসদের সাধারণ সম্পাদক বাদল চৌধুরী অনুষ্ঠানে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
নিউজটি পোস্ট করেছেন :
Change24 TV