Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, মৃত্যুদণ্ডও হবে একটি শিশিরকণা: অ্যাটর্নি জেনারেল

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: অ্যাটর্নি জেনারেল ছবির ক্যাপশন: অ্যাটর্নি জেনারেল

গুম-খুন, নির্যাতন ও মরদেহ গুমের মতো অপরাধের ভয়াবহতা বিবেচনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের একবারের মৃত্যুদণ্ডও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। 
তিনি বলেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় যেসব অপরাধের বিবরণ এসেছে, সেসবের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার প্রিয়জন হারিয়েছে।
কোনো শাস্তিই এসব জীবন ফিরিয়ে দিতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না কোনো আদালতের রায়। তবু অপরাধের বিচার হতে হবে। আর এ কারণেই আমরা ট্রাইব্যুনালের সামনে এসেছি।
শাস্তির প্রসঙ্গে দার্শনিক হেগেল ও মার্কিন আইন দার্শনিক হার্বার্ট মরিসকে উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল বলেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। 
আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।
রুহুল কুদ্দুস কাজল বলেন, অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনের ওপর ভয়াবহ প্রভাব বিবেচনায় এসব অপরাধের জন্য কোনো সাজাই যথেষ্ট নয়। এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও স্বজনদের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ড অতি সামান্য। তার অপরাধ সমুদ্রসমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।
তিনি আরও বলেন, সভ্যতা ও বিচারব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। এসব সীমাবদ্ধতা স্বীকার করেই আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, তা প্রয়োগের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাচ্ছি। একই সঙ্গে মামলায় আনা সব অভিযোগে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার আবেদন করছি।
সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে প্রসিকিউশন সব অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদানও প্রমাণ করা হয়েছে। এসব সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে আসামিকে দোষী সাব্যস্ত করা সম্ভব।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে দেশের জনগণের পক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি করে জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক বলে অভিহিত করেন অ্যাটর্নি জেনারেল।
এ সময় জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেন তিনি।


ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ