নিজস্ব প্রতিবেদক | ঢাকা
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের ৩৯ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রীয় গুম ও খুনের প্রবণতা থেকে দেশ এখনো মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তাঁর মতে, গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রের স্বেচ্ছাচারী গুম-খুনের ক্ষমতা কেড়ে নেওয়ার বিকল্প নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক সভাটি রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ূম ১৯৮৭ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, সেদিন কিশোরগঞ্জের বাজিতপুর থেকে সাইকেল চালিয়ে ঢাকায় এসেছিলেন লড়াকু যোদ্ধা সৈয়দ আমিনুল হুদা টিটো। রাজপথে নূর হোসেনের পাশাপাশি তিনিও শহীদ হন। নূর হোসেনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও টিটোর মরদেহ গুম করে ফেলা হয়েছিল, যা আজও উদ্ধার করা যায়নি।
তিনি আক্ষেপ করে বলেন, অসংখ্য মানুষের রক্ত ও আত্মত্যাগের পরও রাষ্ট্রের গুম-খুনের প্রবণতার অবসান ঘটেনি। ক্ষমতার পালাবদল হলেও রাষ্ট্রের এই দানবীয় ক্ষমতার চরিত্র বদলায় না। যারা ক্ষমতায় আসে, তারাই একসময় এই স্বেচ্ছাচারী ক্ষমতার দাসে পরিণত হয়। অথচ গণতন্ত্রের প্রকৃত মুক্তির জন্য রাষ্ট্রের এমন ক্ষমতা খর্ব করাই হওয়া উচিত প্রথম পদক্ষেপ।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারও একই পথে হাঁটছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিশেষ করে গণভোটের রায় অমান্য করার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নেই বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের দৃষ্টান্ত তৈরি হলে তা বিএনপি এবং দলটির লাখ লাখ ত্যাগী নেতাকর্মীর জন্যও বড় দুর্ভাগ্যের কারণ হবে বলে সতর্ক করেন হাসনাত কাইয়ূম।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম ফরিদ ও লামিয়া ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য অ্যাডভোকেট রোকন রকি।
বক্তারা শহীদ নূর হোসেনের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং গুম-খুনমুক্ত রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজটি পোস্ট করেছেন :
Change24 TV