Site icon changetv.press

২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গতকাল (রোববার) পর্যন্ত ১ হাজার ২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা করা হয়েছে। এই তালিকাই শেষ না। দেশব্যাপী আরো যারা আছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমরা আশা করছি আগামী ২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।

তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর, রাজাকার, আলবদর, আলশামসরা যখন নিশ্চিত হয়েছিল পরাজয়ের, যখন তাদের কাছে বিকল্প কোনো পথ ছিল না, তখন তারা জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে তালিকা করে বুদ্ধিজীবীদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আজকে মৌলবাদী গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ধর্মের নামে মিথ্যাচার করছে। আজকে স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন আমাদের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। তাদের শেকড় অনেক গভীরে, তাদের সহজে উপড়ে ফেলা যাবে না। তবে শেখ হাসিনার নেতৃত্বে এ মৌলবাদী শক্তিকে উপড়ে ফেলতে জাতি আজ ঐক্যবদ্ধ।

এর আগে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে বুদ্ধিজীবী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

(0)

Exit mobile version