Site icon changetv.press

২৬ ছবি পেছনে ফেলে ভারত থেকে অস্কারে ‘জাল্লিকাট্টু’

আসন্ন ৯৩তম অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে মালায়ালাম ছবি ‘জাল্লিকাট্টু’। ভারতের স্থানীয় অস্কার কমিটি বুধবার ছবিটি চূড়ান্ত করে।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার প্রদানের আসরে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে মনোনয়নের জন্য ভারত এবার পাঠালো তাদের আঞ্চলিক ছবি। লিজো জোশের পরিচালনায় ‘জাল্লিকাট্টু’ সমালোচকের দৃষ্টিতে চলতি বছরের অন্যতম সেরা ছবিটির একটি।

হরিশের লেখা ছোটগল্প ‘মাওইস্ট’ অবলম্বনে তৈরি এই ছবির কাহিনি। ‘জাল্লিকাট্টু’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্টনি ভারগেসে, চেমবান বিনোদ জোসে, সভুমন আবদুসমাদসহ অনান্যরা।

‘জাল্লিকাট্টু’ ছাড়াও ভারত থেকে এবছর অস্কার মনোনয়নের দৌড়ে ছিল ২৬টি ছবি। যে তালিকায় ছিল দ্য ডিসাইপেল, ভোঁসলে, ছলাং, শকুন্তলা দেবী, গুঞ্জন সাক্সেনা, ছপাক, গুলাবো-সিতাবো, দ্য স্কাই ইজ পিঙ্ক, অটকন চটকন, চিন্টু কা বার্থ ডে, বিটার-সুইট এর মতো ছবি।

তবে হিন্দি, মারাঠি, ওড়িশা সহ ভারতীয় অন্যান্য ভাষার ছবিকে পিছনে ফেলে ভারতের প্রতিনিধিত্ব করবার সম্মান পেল ‘জাল্লিকাট্টু’। রাহুল রাওয়েলের নেতৃত্বাধীন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিচারকমন্ডলী এদিন ‘জাল্লিকাট্টু’কে ভারতের অস্কারের প্রতিনিধি হিসেবে বেছে নেয়।

তামিলনাড়ুর বিতর্কিত ষাঁড়কে কাবু করবার প্রথা জাল্লিকাট্টু রয়েছে এই ছবি কেন্দ্রবিন্দুতে। ‘মানুষ এবং পশুর মধ্যেকার বিভেদ রেখা যে ক্রমেই মুছে যাচ্ছে’- সেই কাহিনি ধরা পড়ে এই ছবিতে।

(0)

Exit mobile version