Site icon changetv.press

২২ দিন পর ডাকসুতে নিজ কার্যালয়ে যাচ্ছেন নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ২২ দিন পর আজ নিজ কার্যালয়ে যাচ্ছেন তিনি। হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন বিকেল ৪টায় ডাকসু ভবনে কার্যালয়ের চাবি বুঝিয়ে দেবেন। আজ মঙ্গলবার তাকে চাবি নেওয়ার জন্য ডাকা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, হামলার পর দীর্ঘদিন পার হয়ে গেছে। তদন্ত কমিটির কাছে এর আগেও আমি চাবি চেয়েছিলাম। কিন্তু তখন তারা দেয়নি। তবে আজ বিকেল ৪টায় দেলোয়ার স্যার আমাকে ডাকসুতে যেতে বলেছেন। বিকেল ৪টার দিকেই আমি যাব ডাকসুতে।

গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরের ওপর হামলা চালান মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এ সময় নুরের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।

 

(14)

Exit mobile version