Site icon changetv.press

হেফাজত মসজিদ-মাদ্রাসায় ঢুকতে পারবে না: নানক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ভোররাতে আহ্বায়ক কমিটি ঘোষণা করাকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’ হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানক বলেন, তাদেরকে আর সুযোগ দেয়া যাবে না।

তিনি বলেন, হেফাজতের যারা মাদ্রাসা ও মসজিদকে কলংকিত করেছে, পবিত্রতা রক্ষায় তাদের আর মাদ্রাসা ও মসজিদে ঢুকতে দেয়া যাবে না।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দাতে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মের ‘শস্য কর্তন’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, দেশের জনগণ বিএনপিকে বার বার প্রত্যাখ্যান করেছে। আর এর জন্যই বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ধ্বংসে মত্ত হয়েছে। বিএনপি জামায়াত আর হেফাজত একেক সময় একেক রুপ নেয়। আর এটা বাবুনগরী-মামুনুল হকের নতুন লেবাসেই প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, গতকাল মধ্যরাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ভোররাতে ঘোষণা করা হয়েছে সাত সদস্যের আহ্বায়ক কমিটি। মামুনুল হক যখন এক এক করে সব কিছু স্বীকার করতে শুরু করেছেন। তখনই কমিটি ভেঙে আবার নতুন কমিটি ঘোষণা করে শাক দিয়ে মাছ ঢেকেছেন। তাদেরকে এই শাক দিয়ে মাছ ঢাকার সুযোগ দেয়া হবে না। তাদের প্রতিহত করতে দেশের সকল মানুষকে সতর্ক থাকতে হবে।

হেফাজতের এই নেতাদের মসজিদ মাদ্রাসায় ঢুকতে দেয়া হবে না জানিয়ে জাহাঙ্গির কবির নানক বলেন, হেফাজতের যারা মাদ্রাসাকে কলংকিত করেছে, বায়তুল মোকাররম মসজিদের পবিত্রতা নষ্ট করেছে তাদেরকে আর মাদ্রাসায় ও মসজিতে প্রবেশ করতে দেয়া হবে না।

(0)

Exit mobile version