Site icon changetv.press

সাড়ে ১৪ লক্ষ টাকা পেয়ে কি করলেন সিএনজি চালক ?

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর গ্রামের মরহুম এনামুল হোসেনের স্ত্রী রহিমা বেগম শহরের কাউতুলী থেকে নিজ বাড়িতে সিএনজি চালিত অটোরিকশা যোগে ফিরছিলেন। তার সাথে ছিল একটি ব্যাগে সাড়ে ১৪ লক্ষ টাকা, জমির দলিল ও ব্যাংকের চেক বই।

কিন্তু সেই টাকাসহ ব্যাগটি সিএনজিতেই ভুলে ফেলে চলে যান। পরে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাসেম ভূঁইয়ার সহযোগিতায় সাড়ে ১৪ লক্ষ টাকাসহ ব্যাগটি রহিমার হাতে তুলে দেন সদর উপজেলার রামরাইল গ্রামের সিএনজি চালক মনির হোসেন।

জানা যায়, মনির হোসেন শনিবার সকালে যাত্রী নামিয়ে বাড়িতে চলে যান। পরদিন সকালে সিএনজি পরিস্কার করার সময় টাকার ব্যাগটি সিটের পেছনে দেখতে পান। বিষয়টি তিনি তার ফুফা বনগজ গ্রামের মুক্তিযোদ্ধা সানু মিয়াকে জানান। সানু মিয়া কাগজপত্র ঘেঁটে একটি মোবাইল নম্বর পেয়ে যোগাযোগ করে জানতে পারেন টাকাগুলো সিএনজি যাত্রী চিনাইর গ্রামের রহিমা বেগমের।

পরে তিনি বিষয়টি তার আত্মীয় আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়াকে জানান। তিনি গত রোববার সকালে রহিমা বেগমের হাতে টাকাগুলো ফিরিয়ে দেন। রহিমার নিকট টাকা পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি অনেক স্বস্তি প্রকাশ করে সিএনজি চালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই ঘটনা ইতিহাসে বিরল হয়ে থাকবে বলে মন্তব্য করেন।

সিএনজি চালক মনির হোসেন বলেন, টাকাগুলো মালিককে ফিরিয়ে দিতে পেরে আমিও আনন্দবোধ করছি।

(2)

Exit mobile version