Site icon changetv.press

সরকারের উচিৎ তালেবানকে স্বীকৃতি দেওয়া : ডা. জাফরুল্লাহ চৌধুরী

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও প্রশাসন বিভাগের আয়োজনে ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, গণ বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং অধ্যাপক দিলারা চৌধুরী।

সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম বলেন ‘আমি নিজেই আমেরিকার ওয়াশিংটনে ছিলাম, সেখানে মেয়েরা যতটা না নিরাপদ আফগানিস্তানে বর্তমানে মেয়েরা তার চেয়ে বেশি নিরাপদ। আফগানিস্তান থেকে লিথিয়াম লুট করার চেষ্টায় ছিল আমেরিকানদের প্রধান লক্ষ্য। ’

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন আফগানিস্তানে আমেরিকার আগ্রাসনের পটভূমি এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন এবং বলেন- বাংলাদেশে যেমন বালিকা বিদ্যালয় আছে আফগানিস্তানে তালিবানও সেটি করতে যাচ্ছে।

গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সরকারের উচিৎ তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে সেদেশে দূতাবাস চালু করা। এছাড়া এনজিওগুলোকে আফগানিস্তানের উন্নয়নে কাজ করার আহবান জানান তিনি।

সেমিনারে গণ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

(0)

Exit mobile version