হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।
রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সারা দেশে কঠোর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা।
পুলিশের একাধিক সূত্র থেকে এই সতর্কতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, এদিন সকালে সব এসপি ও রেঞ্জের ডিআইজিকে স্ব স্ব জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, মানুষ ও সম্পদের ক্ষয়ক্ষতি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে সাম্প্রতিক সময়ে দেশে সহিংস আন্দোলনের পরিপ্রেক্ষিতে হামলা ঠেকাতে রাজধানীর ঢাকার কয়েকটি থানায় বাঙ্কার তৈরিসহ দেশের গুরুত্বপূর্ণ কিছু জেলাতে ২৪ ঘণ্টা লাইট মেশিন গান তথা এলএমজি নিয়ে অতিরিক্ত পুলিশ সদস্যদের ডিউটি করতে দেখা গেছে।
(0)

