Site icon changetv.press

শামীম ওসমানকে গুন্ডা আখ্যায়িত করে ওপেন চ্যালেঞ্জ আইভীর

শামীম ওসমানের কোনও সাহস নেই। সে ছিঁচকে গুন্ডা। সাহস থাকে তো আমার সাথে লড়ুক।

আলী আহম্মেদ চুনকা পাঠাগার মিলনায়তনে শনিবার (১৩ ফেব্রয়ারি) রাতে একটি অনুষ্ঠানে একথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, কখনও আলেম, কখনও হিন্দুদের এগিয়ে দেন। এত ছোট মন-মানসিকতা তার। সৎসাহস যদি থাকে আসুক আমার সাথে। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, শামীম ওসমানের সৎ সাহস থাকলে নারায়ণগঞ্জে আসুক। কথা বলুক আমার সাথে।

এর আগে শুক্রবার নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ ও চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদ-মাদ্রাসা উচ্ছেদ করে সেখানে সিটি করপোরেশন মার্কেট নির্মাণ করবে, এমন অভিযোগ তুলে মেয়র আইভীর সমালোচনা করেন হেফাজত নেতারা।
জুমার নামাজের পর এক সমাবেশে মহানগর হেফাজতের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আপনি ডিআইটি মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়ালকে ফোন দেন, হস্তক্ষেপ করতে চান। আমরা আপনার (মেয়র) সাথে খেলতে চাই, আপনার সাথে ওপেন খেলা হবে। সিটি-মিটি বুঝি না, জনগণের বাইরে গেলে আপনাকে উচিত জবাব দেয়া হবে।

তবে মেয়র আইভী বলছেন, সিটি করপোরেশন এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। গুজব ছড়ানো হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে আইভী বলেন, কাজ করতে গিয়ে, নারায়ণগঞ্জের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে কাফের উপাধি পেয়েছি। কথিত আলেমরা কী সুন্দরভাবে বলে ফেলল, আইভী হিন্দু, না হয় কাফের।

তিনি বলেন, কী অদ্ভুত এই দেশ! কী অদ্ভুত আমরা মানুষ! ভাড়া করা গুন্ডাদের মতো কথা বলল তারা। আমার কাছে আলেমদের কথা মনে হলো না। আলেমরা তো কথা বলবে মানুষকে বিপথগামী হওয়া থেকে উদ্ধার করে আনার জন্য। আর তারা এমনভাবে মঞ্চ কাঁপিয়ে গেলেন মনে হলো শামীম ওসমানের ভাড়া করা গুন্ডারা এখানে এসেছে।

(0)

Exit mobile version