Site icon changetv.press

লিবিয়ার কাছে ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও ১১ জনকে আহত করার জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ। পাশাপাশি হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। ঘটনার এক দিন পর শুক্রবার লিবিয়ার কাছে এমন দাবির বিষয়টি গণমাধ্যমে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, লিবিয়ায় আমাদের মিশন ত্রিপোলি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং জরুরি তদন্ত ও হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সেইসাথে হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ঢাকাকে জানাতে বলেছে। মৃতদেহ দেশে নিয়ে আসার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মিশন লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাতেই আহত বাংলাদেশিদের উন্নত চিকিৎসার জন্য ত্রিপোলির হাসপাতালে নিয়ে এসেছে। আহত ১১ বাংলাদেশির মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার রাতে ২৬ বাংলাদেশি ও চার আফ্রিকান ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করার নির্দেশ দিয়েছে।

(0)

Exit mobile version