Site icon changetv.press

লকডাউন না মানায় আর্মেনিয়ায় ৩ উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত

করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় আরোপ করা লকডাউন অমান্য করায় দেশের সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

তিনি বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে তারা বাজে উদাহরণ তৈরি করেছেন। তবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান একথা পরিষ্কার করে বলেননি যে, দেশের সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান কী ধরনের ভুল করেছেন।

আর্মেনিয়ার একটি সংবাদপত্র জানিয়েছে, সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আর তার ছেলের বিয়ে অনুষ্ঠানে বিরাট বড় পার্টির আয়োজন করেন, যখন দেশটিতে এ ধরনের সামাজিক সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

পত্রিকার এই প্রতিবেদনের পর প্রধানমন্ত্রী পাশনিয়ানের পক্ষ থেকে সেনাপ্রধান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানের বরখাস্তের ঘোষণা এলো। সেনাপ্রধানের ছেলের বিয়ের অনুষ্ঠানের কথা বলা হলেও সেই অনুষ্ঠানে পুলিশপ্রধান আরমান সার্গসিয়ান এবং গোয়েন্দা সংস্থার প্রধান এডওয়ার্ড মারতিরোসিয়ান উপস্থিত ছিলেন কি-না তা উল্লেখ করেনি পত্রিকাটি।

ফেসবুকে তাঁদের বরখাস্তের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী পাশনিয়ান বলেন, দেশের এরকম উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যারা নিজেরাই মহামারি বিরোধী নিয়ম কানুনের প্রতি সম্মান দেখাবেন সেখানে তারাই এর বিপরীত কাজ করছেন।

পুলিশ প্রধান সার্গসিয়ান এবং গোয়েন্দা প্রধান মারতিরোসিয়ানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

(0)

Exit mobile version