Site icon changetv.press

যৌতুকের অভিযোগে স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম বালি ওরফে সোহেলকে (৪০) রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত অহেদ আলী মিয়ার মেয়ে আসমা খানমের সঙ্গে পার্শ্ববর্তী উজিরপুরের সাতলা গ্রামের নূর মোহম্মদ বালীর ছেলে সোহেলের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই দর্জির কাজ করা সোহেল দোকানে কাপড় তোলার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুকের টাকা দিতে না পারায় আসমাকে বিভিন্ন সময় মারধর করেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই আসমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন সোহেল। দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় সোহেল পুনরায় তার কাছে দুই লাখ টাকার যৌতুকের দাবি তুললে আসমা তা দিতে অস্বীকার করেন। এতে তাকে বেদম মারধর করেন সোহেল। যৌতুক দাবি ও মারধরের ঘটনায় আসমা বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুদ্দিন শনিবার রাতে অভিযান চালিয়ে নির্যাতনকারী স্বামী সোহেলকে গ্রেফতার করে। অপরদিকে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গৈলা গ্রামের জাকোব বাড়ৈর ছেলে দীপ্ত বাড়ৈকে শনিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল ও দীপ্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(12)

Exit mobile version