Site icon changetv.press

মেলবোর্নে গান্ধীমূর্তি ধ্বংসের চেষ্টা

অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তি ধ্বংসের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। কিছুদিন আগে অস্ট্রেলিয়া সরকারকে একটি ব্রোঞ্জের তৈরি গান্ধীমূর্তি উপহার দিয়েছিল ভারত সরকার।

গত শুক্রবার মেলবোর্নে রীতিমতো উৎসব করে সেই গান্ধীমূর্তি প্রতিষ্ঠা করা হয়। মেলবোর্নের অদূরে অস্ট্রেলিয়ান-ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারে মূর্তিটি স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন। পূর্ণদৈর্ঘ্যের ব্রোঞ্জ মূর্তিটি কালো রঙের।

ভিক্টোরিয়ার পুলিশ জানিয়েছে, শুক্রবার উদ্বোধনের পরপরই কেউ বা কারা মূর্তিটির ওপর হামলা চালায়। রীতিমতো যন্ত্রপাতি নিয়ে এসে মূর্তির গলা কাটার চেষ্টা করা হয়। যদিও শেষ পর্যন্ত তারা সফল হয়নি। মূর্তির ক্ষতি হয়েছে অবশ্য। গলার কাছে স্পষ্ট কাটা চিহ্ন দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় তিনি দুঃখিত এবং বিচলিত।

তার কথায়, ‘অস্ট্রেলিয়া মিশ্র সংস্কৃতির দেশ। সব ধরনের মানুষ একত্রে এখানে বাস করে। সবাই সবার সংস্কৃতিকে স্বীকৃতি দেয়। যারা এ কাজ করেছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

ভিক্টোরিয়ার পুলিশ জানিয়েছে, গোয়েন্দারাও তদন্তে নেমেছেন। দ্রুত অপরাধীদের আটক করা সম্ভব হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনায় বিচলিত হয়েছে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়রাও। ভিক্টোরিয়ায় ভারতীয় অ্যাসোসিয়েশনের প্রধান সূর্যপ্রকাশ সোনি বলেছেন, ‘ভারতীয়রা এ ঘটনায় অত্যন্ত কষ্ট পেয়েছে। আশা করছি, প্রশাসন দ্রুত হামলাকারীদের ধরতে পারবে।’ সূত্র: ডয়চেভেলে

(0)

Exit mobile version