Site icon changetv.press

মেজর সিনহার সহযোগী সিফাত জামিনে মুক্ত

টেকনাফে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (টেকনাফ) বিচারক তামান্না ফারাহ সিফাতের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি মামলার (মাদক ও হত্যা) তদন্ত ভার র‌্যাবের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু।

এর আগে রোববার (৯ আগস্ট) জামিন পান গ্রেফতার হওয়া অপর শিক্ষার্থী শিপ্রা দেবনাথ। ওই সময় সিফাতের জামিনের শুনানি শেষে আদেশের দিন সোমবার ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই (শুক্রবার) রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এরপর বুধবার (০৫ আগস্ট) নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজারের টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিদর্শক লিয়াকত আলি ও ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরদিন বৃহস্পতিবার (০৬ আগস্ট) বরখাস্ত হওয়া ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ মামলার ৭ আসামি আত্মসমর্পণ করেন। এছাড়া অনুপস্থিত থাকা বাকি ২ জন আসামিকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

(0)

Exit mobile version