Site icon changetv.press

মধ্যরাতে ডাকাতি, ধরা পড়লো সিসি ক্যামেরায় !

রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন কেয়ারটেকার। এরইমধ্যে মধ্যরাতে হানা ডাকাত দলের। তারপর তাকে জিম্মি করে মারধর করে মাত্র দুই মিনিটে খামারে থাকা চারটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল নূর তারেক।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় হাবিব সিএনজি পাম্প সংলগ্ন একটি গরুর খামারে এই ডাকাতির ঘটনা ঘটে। আর এই পুরো ঘটনা রেকর্ড হয়েছে ক্লোজড সার্কিট টিভি ক্যামেরায় (সিসিটিভি)।

এসআই আল নূর তারেক জানান, সাভারের আশুলিয়ায় মধ্যরাতে একটি খামারের কেয়ারটেকারকে হাত-পা ও মুখ বেঁধে মারধরের পর চারটি গরু নিয়ে গেছে ডাকাতরা। মাত্র দুই মিনিটে গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার এঘটনা ধরা পড়েছে খামারটির সামনে থাকা সিসিটিভি ফুটেজে।

ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৫০ নাগাদ নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাবিব সিএনজির পাশে একটি ওয়ার্কশপের সামনে ট্রাক পার্কিং করে ডাকাত দল। পরে ৩টা ৫৫ মিনিটে ছয় ডাকাত মহাসড়কের ফুটপাত দিয়ে হেঁটে ওই খামারের দিকে যায়। এর ঠিক দেড় মিনিট পরেই একে একে চারটি গরু নিয়ে দ্রুত ট্রাকের কাছে ফিরে আসে ডাকাতরা। পরে গরুগুলোকে ট্রাকে তুলে ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।

(0)

Exit mobile version