Site icon changetv.press

‘ভারত নাগরিকত্ব দেবে এ কথা জানলে বাংলাদেশের অর্ধেক মানুষ চলে আসবে’

ভারত সবাইকে নাগরিকত্ব দেবে এমন কথা জানলে এখনই বাংলাদেশের অর্ধেক মানুষই চলে আসবেন বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি। রোববার (৯ ফেব্রুয়ারি) হায়দরাবাদে সন্ত রবিদাস জয়ন্তী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় কিষান রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর উদ্দেশে বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন কীভাবে দেশে বসবাসরত ১৩০ কোটি ভারতীয়দের বিরুদ্ধে হয়? ভারত যদি বলে সবার নাগরিকত্ব দেবে তাহলে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক হয়ে যাবে। নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয়া হলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবেন। তাদের দায়িত্ব কে নেবেন? কেসিআর? নাকি রাহুল গান্ধি?

তিনি আরও বলেন, ওরা অনুপ্রবেশকারীদেরও নাগরিকত্ব চাইছেন। ঠিক আছে, প্রয়োজনে ভারত সরকার সিএএ পর্যালোচনা করতেও প্রস্তুত। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে প্রয়োজনে তারা প্রমাণ করে দেখান যে দেশের ১৩০ কোটি নাগরিকের মধ্যে একজন ব্যক্তিও সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা।

এছাড়া তার দাবি শরণার্থী ও অনুপ্রবেশকারী, এই দুটি বিষয় পুরোপুরি আলাদা, এদের সঙ্গে কখনোই এক রকম আচরণ করা উচিত নয়। পাশাপাশি তার অভিযোগ, কংগ্রেসের মতো দলগুলি বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্যেও ভারতীয় নাগরিকত্ব চায়।

(9)

Exit mobile version