Site icon changetv.press

ভারতে সেনাবাহিনীতে কমান্ডার পদে নারীদের চান না পুরুষরা

ভারতে কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, কমান্ডার পদে নারী সেনাদের নিয়োগ করা ‘সম্ভব নয়’ ।  কারণ, অন্তঃসত্ত্বা অবস্থা, মাতৃত্ব ও বাড়ির কাজে নারীদের যেভাবে ছুটি নিতে হয়, অফিসার পদে তা চলে না। নারী অফিসাররা যুদ্ধবন্দী হলে সরকারের ওপর বাড়তি চাপও পড়ে। আর পুরুষ সেনাসদস্যরা নারী কমান্ডিং অফিসারদের নির্দেশ মানতে অস্বীকার করতে পারেন। আর তা হলে বাহিনীর শৃঙ্খলাও সমস্যার মধ্য পড়তে পারে।

আধুনিক সমাজে এসব যুক্তি ধোপে টেকে না বলে মন্তব্য করেছেন কমান্ডিং অফিসার পদ চেয়ে মামলা করা নারী সেনা অফিসারদের আইনজীবীরা। গতকাল বুধবার বিষয়টি নিয়ে আদালতে শুনানি হয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, আগামী সপ্তাহে তাঁরা এ মামলার রায় দেবেন।

কিছুদিন আগে ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান যখন আকাশে লড়াইয়ে পাকিস্তানের এফ-১৬ বিমান ভূপাতিত করেছিলেন, তাঁর গাইড ছিলেন ফ্লাইট কন্ট্রোলার মিন্টি আগরওয়াল। কাবুলে হামলাকারী তালেবান জঙ্গিদের সঙ্গে সরাসরি লড়াই করে কাবুলে ভারতীয় দূতাবাসকে রক্ষা করেছিলেন মিতালী মধুমিতা। বীরত্বের জন্য সেবা পদক পেয়েছেন মিতালী। অসমসাহসিকতার জন্য যুদ্ধসেবা পদক পেয়েছেন মিন্টি আগরওয়াল। কোনো বিষয়ে যে তাঁরা পুরুষ সেনাসদস্যদের চেয়ে পিছিয়ে নেই, একের পর এক ঘটনায় প্রমাণ করছেন নারী সেনাসদস্যরা। কিন্তু তার পরও কমান্ডারের পদে নারী সেনাদের নিয়োগ করা ‘সম্ভব নয়’ বলে সুপ্রিম কোর্টকে জানালেন আইনজীবীরা।

(5)

Exit mobile version