Site icon changetv.press

বিএনপি’র জাতীয় ঐক্যের ডাক জনগণের সাথে নতুন তামাশা : কাদের

বিএনপি’র জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মতো একটি মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না।’

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন।’

‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলঙ্কা দ্বীপে পৌঁছেছেন’ বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময়। প্রতিটি সঙ্কট ও দুর্যোগে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা সফলতা অর্জন করেছেন।’

বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়।’

‘আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালনের’ আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের দলের শীর্ষ নেতাদের উদ্দেশে বলেন, ‘ভালো লোকদের দলে টানুন। আর খারাপদের দল থেকে বের করে দিন।’

‘আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করেছে যারা, তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দিন’—সম্প্রতি ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির মহাসচিবের টিপ্পনীর জবাবে ওবায়দুল কাদের এদিন বলেন, ‘আওয়ামী লীগে কেউ অপকর্ম করলে রেহাই পায় না, শাস্তি পেতে হয়, বিএনপির আমলে এমন একটাও নজির নেই যে, তারা শাস্তি দিয়েছে।’

(0)

Exit mobile version