Site icon changetv.press

বামদের নিরুত্তাপ হরতাল, বাধা দেওয়ার অভিযোগ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল চলছে । হরতালের সমর্থনে ঢাকায় বিচ্ছিন্নভাবে মিছিল, সমাবেশ ও পিকেটিং হয়েছে। হরতাল চলাকালে রাজধানীর শাহবাগের চার রাস্তার মোড়ে অবস্থান নেন হরতাল-সমর্থকেরা। এতে সেখানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। তবে ঢাকার অন্যত্র যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের এই হরতাল আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হয়। চলবে দুপুর দু’টা পর্যন্ত।

সকাল সাতটার পর থেকে ঢাকার পুরানা পল্টন মোড়ে হরতালের সমর্থনে অবস্থান নেন জোটের নেতা-কর্মীরা। সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা গাড়ি চলাচলে বাধা দিতে শুরু করেন। এ সময় বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক হযরত আলীকে আটক করে পুলিশ। সেখানে অবস্থানরত জোটের নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে আধা ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সকাল সাতটার দিকে প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা টিএসসি থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি ঘুরে শাহবাগ মোড় অবস্থান নেন। তাঁরা সড়কে বসে পড়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সায়েন্স ল্যাব ও প্রেসক্লাব মোড় থেকে আসা যানবাহনগুলো আটকে যায়। শুধু বাংলামোটরের দিক থেকে প্রেসক্লাবের দিকে যাওয়া সড়কে যানবাহন চলছে।

(10)

Exit mobile version