সম্প্রতি বান্দরবান এলাকায় অপু চাকমা নামক জেএসএস (সন্তু) দলের এক সশস্ত্র সন্ত্রাসীর কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল। বান্দরবান ও তদসংলগ্ন এলাকায় উক্ত সন্ত্রাসী চাঁদাবাজি, অস্ত্র লেনদেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
এ প্রেক্ষাপটে, অপু চাকমা ও তার সন্ত্রাসী দলের বিরুদ্ধে বান্দরবান সেনা জোনের সেনা সদস্যগণ ২৮ এপ্রিল ২০২১ তারিখ আনুমানিক ভোর ৫ টার দিকে নোয়াপাতাং নামক এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। বান্দরবান সেনা জোন কমান্ডার এর নেতৃত্বে অভিযান দলটি নানা প্রাকৃতিক প্রতিবন্ধকতা, দুর্গম পাহাড়ী পথ পাড়ি দিয়ে অভিযান এলাকায় পৌঁছায়। অভিযান দল আস্তানা এলাকার সন্নিকটে পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীগণ প্রাণভয়ে আস্তানা ত্যাগ করে গভীর জংগলে পালিয়ে যায়। এসময় সেনাসদস্যদের সাথে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়।
এসময় সন্ত্রাসীদের আস্তানা তল্লাশি করে ম্যাগাজিন ভর্তি ০১ টি ৯মিঃমিঃ পিস্তল, একে-৪৭ এর ম্যাগাজিন, একাধিক এ্যামোনিশন বাউন্ডুলিয়ার, ধারালো দেশীয় অস্ত্র, কমান্ডো নাইফ, বিপুল পরিমান গোলাবারুদ, যোগাযোগের যন্ত্র (ওয়াকিটকি), সোলার চার্জার, বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স সামগ্রী, জেএসএস এর আদর্শ ও নীতিমূলক বই, সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত ব্যাগ ইত্যাদি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, কিছুদিন থেকে জেএসএস (সন্তু)’র এই সশস্ত্র সংগঠনটি নিজেদেরকে Jummo Liberation Army (স্বাধীন জুম্ম সেনাবাহিনী) নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন স্বায়ত্বশাসিত অঞ্চল প্রতিষ্ঠার প্রচারণা চালিয়ে যাচ্ছিল বলে জানা যায়।
(0)

